ঢাকাসহ দেশের ৪৯ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। বুধবার (১১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ছয়টি বিভাগ ও দুটি জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এছাড়া রংপুর বিভাগের অবশিষ্টাংশ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু অঞ্চলে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিকে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়, আর ঢাকায় ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী, ৩৬–৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮–৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০–৪২ ডিগ্রিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৪২ ডিগ্রির ওপরে তাপমাত্রা পৌঁছালে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
