ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিরোধী দল ও সরকারের টানাপোড়েনের মধ্যেই লন্ডনে মুখোমুখি হচ্ছেন তারেক-ইউনূস, রাজনীতিতে সম্ভাব্য টার্নিং পয়েন্ট

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ জুন ২০২৫, বুধবার, ৭:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১১ জুন ২০২৫:
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন লন্ডন বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বৈঠকটি হতে যাচ্ছে ১৩ জুন, যেটিকে বিএনপি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছে।

ঈদের দিন রাতে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্পষ্ট করে দেন, সরকারকে সরিয়ে নয় বরং তাদের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ আদায় করাই এখন দলের মূল কৌশল। তিনি বলেন, “আন্দোলন করলে হয়তো সরকার যাবে, কিন্তু পরবর্তীতে কে আসবে, সেটাও বড় প্রশ্ন।” তাই তিনি দলীয় নেতাদের আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার পথে এগোনোর পরামর্শ দেন।

এর পরদিনই খালেদা জিয়া লন্ডনে থাকা তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দলের স্থায়ী কমিটির বৈঠকে ইউনূস-তারেক বৈঠকের সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং দলীয়ভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “এই মিটিংটি বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হতে চলেছে।” তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা সফল হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা যোগ হবে।

সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারের আগ্রহেই মূলত লন্ডনে এই মুখোমুখি বৈঠকের প্রক্রিয়া শুরু হয় এবং খালেদা জিয়ার অনুমোদনের পর বিএনপির পক্ষ থেকেও সম্মতি আসে। বৈঠকে নির্বাচনের টাইমফ্রেম, সংস্কার প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান অচলাবস্থা নিরসনের ক্ষেত্রে এই বৈঠক বড় ধরনের সমঝোতার পথ খুলে দিতে পারে। তবে চূড়ান্ত ফল নির্ভর করবে দুই নেতার মধ্যে আলোচনার সফলতার ওপর।

এদিকে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারা এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে অনড়। তবে খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী সরকার পতনের আন্দোলনের বদলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগোতে চাইছে দলটি।

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশনা দিতে পারে এই বৈঠক—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সবাই।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম