বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশের কাছে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারে সর্বাত্মক সহায়তা করছে। তিনি বলেন, "যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সরকারের নিবিড় আলোচনা চলছে এবং তারা প্রয়োজনীয় নথিপত্র তৈরিতেও সহায়তা করছে।"
রবিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি ১০ থেকে ১৩ জুন লন্ডন সফর করেন। সফর শেষে তিনি বলেন, যুক্তরাজ্যসহ একাধিক দেশের কাছে পারস্পরিক আইনি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার।
গভর্নর বলেন, “এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা পাচারকারীদের সম্পদ ও লুট করা অর্থের বিস্তারিত তথ্য সরবরাহ করেছি। সেই তথ্যের ভিত্তিতে বিদেশি কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে শুরু করেছে।”
তিনি জানান, সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে। একইভাবে, বেক্সিমকো গ্রুপের শায়ান রহমান এবং শাহরিয়ার রহমানের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পদও গত মাসে জব্দ করা হয়।
গভর্নর আরও জানান, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় সহায়তার জন্য কিছু নামকরা আইনি সংস্থা বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এসব সংস্থা মামলার খরচ হিসেবে ৫০ থেকে ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে প্রস্তুত এবং উদ্ধারকৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ (১৫-২০ শতাংশ) লাভ হিসেবে পাবে। এ উদ্যোগে তৃতীয় পক্ষের বিনিয়োগকারীরা মামলার ব্যয়ভার বহন করে, পরে উদ্ধারকৃত অর্থ থেকে তারা তাদের অংশ বুঝে নেয়।
বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, “আমরা এমন একটি তহবিল গঠনের কথা ভাবছি, যা এই আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে। এর মাধ্যমে দেশের লুণ্ঠিত সম্পদ ফেরত আনার কাজ আরও গতিশীল হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশের কোষাগারে ফিরিয়ে আনা সম্ভব হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
