ঢাকা, ১৬ জুন — বাংলাদেশের ইতিহাসে ১৬ জুনকে ‘গণমাধ্যমের জন্য কালো দিন’ হিসেবে আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমান যেমন বাকশাল কায়েম করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনাও একই পথে হেঁটে একদলীয় ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করেছেন।
সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন কালাকানুনের মাধ্যমে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর নিপীড়ন চালানো হয়েছে। তিনি বলেন, “সত্য উচ্চারণ করলেই নির্যাতনের খড়গ নেমে এসেছে, গণমাধ্যমকর্মীরা থেকেছেন সার্বক্ষণিক শঙ্কায়।”
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন সব রাজনৈতিক দল বাতিল করে বাকশাল গঠন করে চারটি অনুগত সংবাদপত্র রেখে বাক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এতে বহু সাংবাদিক কর্মহীন হয়ে পড়েন। তিনি দাবি করেন, স্বাধীনতা পরবর্তী সময়েও ক্ষমতাসীনরা গণতন্ত্রের মূল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি আরও বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো ড্রাকোনিয়ান আইন করে মতপ্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দী করা হয়েছে।” তার মতে, বিগত ৫ আগস্ট সরকার পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা পেলেও এখনও পুরোপুরি মুক্ত নয়।
পোস্টটিতে হাজারো নেটিজেনের পাশাপাশি মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার ঠেকাতে দায়বদ্ধতাও জরুরি।” তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং গণমাধ্যমের অপব্যবহার নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থারও পরামর্শ দেন।
এই আলোচনার মধ্য দিয়ে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
