একটি সোফা, যার সামনে অর্ধেক খোলা সুটকেসে রাখা কিছু প্রয়োজনীয় জিনিস। জানালার পর্দা নামানো, পাশে রাখা টবের গাছ আর পরিপাটি করে সাজানো কুশন যেন বলছে, এখানেই ছিল কারও বসতি, কারও শান্তি।
এই দৃশ্য কেবল একটি ঘরের ছবি নয়—এটি একটি বিদায়ের দলিল। এটি "দ্য লাস্ট ফটো অফ হোম"—ফারসি ভাষাভাষী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক নীরব আন্দোলনের প্রতিচ্ছবি।
বাড়ি ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে একটি ছবি
ইসরায়েলের লাগাতার বিমান হামলার মুখে তেহরানসহ ইরানের বহু শহরের সাধারণ মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ফেলে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। অনেকেই জানেন না, আদৌ তাঁরা আর কখনও এই ঘরে ফিরতে পারবেন কিনা।
এই পরিস্থিতিতে মানুষের মাঝে এক ব্যতিক্রমী ট্রেন্ড দেখা যাচ্ছে—তারা শহর ছেড়ে যাওয়ার আগে নিজেদের প্রিয় ঘরের একটি ছবি তুলে রাখছেন, আর সেটি পোস্ট করছেন একটি বাক্যে: “آخرین عکس از خانه” – ‘দ্য লাস্ট ফটো অফ হোম’।
একটি স্মৃতি, একটি সম্ভাব্য বিদায়
"আমি জানি না আবার ফিরে আসতে পারব কিনা। তাই এই ছবিটা নিলাম, যেন মনে থাকে—আমি এখানে বাস করতাম, ভালোবাসতাম, স্বপ্ন দেখতাম।" — এই কথাগুলো লিখেছেন ৩৪ বছর বয়সী নাহিদ, যিনি তাঁর তেহরানের ফ্ল্যাট ছেড়ে আজারবাইজানের সীমান্তের দিকে রওনা হয়েছেন।
অন্যদিকে হাশেম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক লিখেছেন,
"এই ঘরের প্রতিটি কোণে আমার মেয়ের হাসি আছে। জানালার পাশে বসে আমার স্ত্রী বই পড়তেন। এখন আমি জানি না এসব আর কখনও ফিরে পাব কি না।"
তেহরান ছেড়ে যাচ্ছে হাজারো মানুষ
যুদ্ধ যেন প্রতিদিন আরও এগিয়ে আসছে রাজধানীর বুক বরাবর। পেট্রল পাম্পে লম্বা লাইন, রাস্তায় যানজট—এই সব উপেক্ষা করেও মানুষ চলে যাচ্ছে।
জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ১.২ মিলিয়ন মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য প্রদেশ বা দেশমুখী হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় আবেগের প্লাবন
ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে ফারসি হ্যাশট্যাগ #آخرین_عکس_از_خانه (দ্য লাস্ট ফটো অফ হোম) ব্যবহার করে হাজার হাজার ছবি পোস্ট হচ্ছে। সেগুলোর বেশিরভাগেই রয়েছে তীব্র আবেগ, ভয় আর অনিশ্চয়তা।
একজন বৃদ্ধা তাঁর রান্নাঘরের ছবি পোস্ট করে লিখেছেন:
"এখানেই প্রতিদিন দুপুরে আমার নাতির জন্য খাবার রান্না করতাম। আজ চাবি রেখে চলে গেলাম, জানি না ফিরবো কিনা।"
বাড়ির চাবি টেবিলে রেখে যাওয়া এক প্রজন্ম
ইরানে এই মুহূর্তে শুধু যুদ্ধ নয়, আছে নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ নিয়ে ভয় এবং একটি জাতির অস্তিত্ব টিকে থাকার লড়াই। যারা গৃহত্যাগী হচ্ছেন, তাদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার, যাদের জন্য নিজের ঘর মানে শুধু চার দেয়াল নয়—মর্যাদা, স্মৃতি আর পরিচয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
