তেহরান, ২১ জুন – ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র অন্তত ৫ সদস্য নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমের বরাতে।
ঘটনাটি ঘটেছে ইরানের খোরামাবাদ শহরে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, শনিবার শহরটিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পাশাপাশি প্রাণ হারান গার্ড বাহিনীর পাঁচ সদস্য।
এর আগে আইআরজিসির ড্রোন ইউনিটের শীর্ষ দুই কমান্ডারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। নিহতদের একজন ছিলেন মনুষ্যবিহীন বিমান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডার আমিন পুর জোদখি। সামাজিক মাধ্যমে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বিমানবাহিনীর টার্গেটেড হামলায় তিনি নিহত হন। দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে শত শত ড্রোন উৎক্ষেপণের দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি শাখার কমান্ডার সাইদ ইজাদি শনিবার কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।
কাটজ বলেন, "ইজাদি ৭ অক্টোবর হামাসের হামলায় অর্থ ও অস্ত্র সহায়তা করেছিলেন। তার মৃত্যু ইসরাইলের জন্য বড় সফলতা এবং অপহৃতদের জন্য ন্যায়বিচারের প্রতীক। ইসরাইলের হাত সব শত্রুর নাগাল পাবে।"
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডগুলো ইরান-ইসরাইল সংঘর্ষকে আরও জটিল ও বিস্তৃত করে তুলবে। দুদেশের মধ্যে চলমান প্রতিশোধমূলক হামলা আঞ্চলিক নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
