ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের অভিযোগ, গ্রোসির ‘নিষ্ক্রিয়তা’ তুলে ধরলেন তেহরান

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ২:১১ অপরাহ্ন

banglahour

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলো ইরান। আল-জাজিরার বরাতে জানা গেছে, জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই অভিযোগ পাঠিয়েছে তেহরান।

ইরানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি আমির-সায়েদ ইরাভানি অভিযোগ করেছেন, রাফায়েল গ্রোসি তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম নিয়ে পক্ষপাতদুষ্ট মনোভাব পোষণ করছেন। একইসঙ্গে তিনি ইসরাইলি বিমান হামলার নিন্দা না জানানোকেও গ্রোসির ‘স্পষ্ট ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি আরও এক ধাপ এগিয়ে গিয়ে গত বৃহস্পতিবার গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। তার ভাষ্য, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরাইলি হামলার শিকার হওয়া সত্ত্বেও গ্রোসি এই বিষয়ে নীরব থেকেছেন—যা একপ্রকার নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতা।

তবে, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাফায়েল গ্রোসি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনায় যেকোনো সামরিক হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরাইল ধারাবাহিকভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা প্রতিশোধ হিসেবে তেহরানও ইসরাইলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন স্থানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইসরাইলি সূত্র অনুসারে, ইরানের এই হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইরানি গণমাধ্যমের দাবি, ইসরাইলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত এবং ১,৩০০-র বেশি আহত হয়েছে।

বিশ্লেষকদের মতে, আইএইএ প্রধানকে ঘিরে জাতিসংঘে ইরানের এই কূটনৈতিক পদক্ষেপ কেবল পারমাণবিক নিরাপত্তার বিষয় নয়, বরং এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম