বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।
সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর অভিযোগে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টে আরও বলা হয়, এটি বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদ অনুসারে হয়েছে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার।
তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে একেবারে ভিন্ন তথ্য। তাদের মতে—
বাংলাদেশের সংবিধানে ৩৪৭ অনুচ্ছেদ নামে কিছুই নেই।
ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নামে কেউ নেই।
পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ২০২২ সালের ৬ এপ্রিল ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী রিম আল হাশিমির একটি বৈঠকের ছবি, যা এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত হয়েছিল।
রিউমার স্ক্যানার জানায়, এই মিথ্যা দাবি পরে আরও কয়েকটি পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়। তবে সব তথ্য যাচাই করে তারা নিশ্চিত হয়েছে, এই পোস্টটি বিভ্রান্তিকর ও ভুয়া।
এ ঘটনায় সাধারণ ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সংবেদনশীল কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই-বাছাই করতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
