ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে আজ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

banglahour

ইসিতে আবেদন করেছে প্রায় ১০০টি দল, নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার (২২ জুন)। বিকেল ৫টার মধ্যে আগ্রহী দলগুলোকে আবেদন জমা দিতে হবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১০০টি দল নিবন্ধনের আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনের ভিত্তিতে সময় বাড়িয়ে দেড় মাস করা হয়েছিল। আজকের মধ্যেই এনসিপিসহ আরও কয়েকটি দল আবেদন করবে বলে জানা গেছে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটেছে। তবে তাদের অনেকেরই এখনো নিবন্ধন হয়নি।

দল নিবন্ধন আইনে বলা হয়েছে, একটি দলের কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় এবং কমপক্ষে ১০০টি উপজেলায় কমিটি থাকতে হবে। এছাড়া পূর্বের কোনো নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া বা দলের কেউ সংসদ সদস্য থাকলেও নিবন্ধনের যোগ্যতা অর্জন করা যায়।

সরকার পতনের পর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন নামে নতুন কয়েকটি দল নিবন্ধন পেয়েছে। তবে তাদের বেশিরভাগই আদালতের আদেশে দীর্ঘদিন পর নিবন্ধন লাভ করেছে।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধিত হলেও বিভিন্ন কারণে ইসি পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে। এ দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

সম্প্রতি আদালতের রায়ে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও, নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পতনের পর নতুন দলগুলোর উত্থান দেশের রাজনীতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে। এখন দেখার বিষয়, ইসি কোন দলগুলোকে নিবন্ধনের সুযোগ দিচ্ছে এবং তা আগামী নির্বাচনকে কতটা প্রভাবিত করবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম