যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর টানটান উত্তেজনা, সতর্ক অবস্থানে তেলআবিব
ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরাইল। শনিবার (২১ জুন) রাতের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরপরই এই সিদ্ধান্ত নেয় দেশটি। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরাইল রাষ্ট্রের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে।"
তবে স্থলপথে মিশর ও জর্ডানের সঙ্গে সংযুক্ত ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথম হামলা চালায় ইসরাইল। পাল্টা জবাবে তেহরানও ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এরপর থেকেই দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
শনিবার এই উত্তপ্ত সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে সফল বিমান হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলা ছিল একটি ‘সফল মিশন’। তবে ইরান এ হামলাকে আন্তর্জাতিক আইন ও নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি) লঙ্ঘন বলে আখ্যায় দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই আঞ্চলিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বে নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধ আরও বিস্তৃত হলে তা রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংঘাতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
