সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের ৪ ব্যাটালিয়ন ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশ-ইন করে বাংলাদেশে পাঠায়। মিনাটিলা বিওপির টহল টিম তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। একই দিন সুনামগঞ্জের নোয়াকোট বিওপি সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়।
আটকদের মধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং পূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন। আটক ৩৯ জনের মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রামে এবং একজন পাবনার বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
