“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি ও ফল মেলা।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় স্থাপিত কৃষি প্রযুক্তি উপকরণ এবং দেশীয় বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাফরিন জাহান ইতি, উদ্যোক্তা, উপকারভোগী ও স্থানীয় চাষিরা।
মেলা উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষি প্রযুক্তির বিস্তার এবং পুষ্টিকর দেশি ফল চাষে আগ্রহ বাড়বে, যা খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলা চলবে আগামী শনিবার (২৮ জুন) পর্যন্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
