ধান চাষে সার ব্যবস্থাপনা, আগাছা দমন, বালাই নিয়ন্ত্রণ ও সেচ সংক্রান্ত যাবতীয় পরামর্শ দিতে ২৪ ঘণ্টার হেল্পলাইন কলসেন্টার চালু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এ কলসেন্টারে দেশের যেকোনো প্রান্ত থেকে কৃষকরা ০৯৬৪৪৩০০৩০০ নম্বরে ফোন করে বিনামূল্যে ব্রি’র বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ নিতে পারবেন।
বুধবার গাজীপুরে ব্রি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত “আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভূমিকা” শীর্ষক কর্মশালায় এই কলসেন্টারের উদ্বোধন করেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি এগ্রোমেট ল্যাবের কো-অর্ডিনেটর ড. এবিএম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খালেকুজ্জামান বলেন, “আবহাওয়ার বৈরি পরিস্থিতি, সঠিক ব্যবস্থাপনার অভাব এবং কৃষকদের তথ্য ঘাটতির কারণে ধান উৎপাদনে নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানে এবং মাঠ পর্যায়ে কার্যকর সহযোগিতা দিতে এই ২৪ ঘণ্টার কলসেন্টার চালু করা হলো।
তিনি আরও জানান, ব্রি ১৯৭০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড। এসব জাতের মধ্যে অনেকগুলো বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল। এগুলোর সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের হাতে আধুনিক তথ্য পৌঁছানোর জন্যই এই উদ্যোগ।
ব্রি’র গবেষণা পরিচালক বলেন, “১৯৭১ সালে যেখানে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২০ শতাংশ, তা এখন ১০ শতাংশে নেমে এসেছে। অথচ খাদ্য উৎপাদন বেড়েছে ৪ গুণ। দেশে এখনও ২৫ শতাংশ কৃষিযোগ্য জমি পতিত পড়ে আছে, যেগুলো চাষে আনতে কৃষকদের উন্নত প্রযুক্তি ও সঠিক নির্দেশনা প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, ব্রি এগ্রোমেট ল্যাবের বিজ্ঞানীরা এই কলসেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা কৃষকদের সেবা দেবেন। বিশেষত আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই দমন, সময়মতো সার প্রয়োগ ও সেচের পরামর্শ মিলবে তাত্ক্ষণিকভাবে।
মিডিয়ায় কৃষি তথ্য প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়ে ব্রি মহাপরিচালক বলেন, “প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি সেটি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।
বাংলাদেশ ধান উৎপাদনে বর্তমানে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এই অর্জনে ব্রি উদ্ভাবিত জাত ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির অবদান অনস্বীকার্য বলেও অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন।
হেল্পলাইন নম্বর: ০৯৬৪৪৩০০৩০০
সেবা: সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা (বিনামূল্যে)
উদ্যোগ: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)
সহায়তা প্রদানকারী: ব্রি এগ্রোমেট ল্যাবের কৃষি বিজ্ঞানীরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
