ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়িতে 'সোর্স' সন্দেহে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(১ বছর আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৮:৪৯ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামে ‘সোর্স’ সন্দেহে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী বাহিনীর সদস্য। নিহত মিজানুর একই গ্রামের মৃত আবদুশ শুক্কুরের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে আলী আকবর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম হঠাৎ পেছন থেকে এসে মিজানুরকে দা দিয়ে কোপ দেন এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের সময় রহিম মিজানুরকে উদ্দেশ করে বলেন, তুই আমাদের ৮টি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, তোকে বাঁচতে দেব না।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত আহত মিজানুরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে সামান্য জ্ঞান ফিরলে মিজানুর হামলার বিস্তারিত বিবরণ দেন। পরে অধিক রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

শুক্রবার (২৭ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর।

স্থানীয়দের অনেকে জানিয়েছেন, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযানে ৮টি অস্ত্র উদ্ধার হয়। সেই অভিযানে তথ্যদাতা হিসেবে মিজানুরকে সন্দেহ করে তাকে হত্যা করা হয়। তবে তারা দাবি করেন, অভিযানে সহযোগিতা করা ব্যক্তি আসলে মিজানুর নন, বরং তিনি একজন আনসার ভিডিপি সদস্য।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


সংক্ষিপ্ত তথ্য:

নিহত: মিজানুর রহমান (২৭), দুই সন্তানের পিতা

হামলাকারী সন্দেহভাজন: আবদুর রহিম, আলী আকবর বাহিনীর সদস্য

কারণ: অস্ত্র উদ্ধার অভিযানে ‘সোর্স’ সন্দেহ

অবস্থান: লেবুতলী, দোছড়ি ইউনিয়ন, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

তদন্ত: পুলিশ নিশ্চিত করেছে, তদন্ত চলছে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯