বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নূর ইসলাম মাতুব্বর (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট থানা পুলিশ।
বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। নূর ইসলাম ওই গ্রামের মোঃ আইয়ুব মাতুব্বরের ছেলে।
বাগেরহাট জেলার পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, ব্রহ্মডাঙ্গা গ্রামের জনৈক মধু বসুর মুদি দোকানের সামনে মাদক লেনদেন হবে।
পুলিশ অভিযানে গেলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,আটক নূর ইসলাম দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় ঘুরে ঘুরে ছোট বাজারগুলোতে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফকিরহাট থানা সূত্রে আরও জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কেউ ছাড় পাবে না— এমন হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ প্রশাসন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
