মুসলিম বিশ্বের উন্নয়নে আরও সামাজিক ব্যবসা গ্রহণে ইসলামি এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।রোববার (৬ জুলাই) রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, আমাদের পৃথিবীতে নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবা খুব গুরুত্বপূর্ণ। দরিদ্র হলে স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়। তাই আমরা স্বাস্থ্যসেবাকে দারিদ্র্য দূরীকরণের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করি।তিনি বলেন, সামাজিক ব্যবসা একটি কার্যকর পন্থা যার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা যায়। আমি বিশ্বের তরুণদের উৎসাহ দিচ্ছি যেন তারা উদ্যোক্তা হয়ে সামাজিক ব্যবসায় সম্পৃক্ত হয়।সভায় উপস্থিত এনজিও নেতারা জানান, প্রফেসর ইউনূস সাম্প্রতিক বছরগুলোতে যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের অনুপ্রাণিত করেছে নিজ নিজ দেশে অনুরূপ কার্যক্রম হাতে নিতে।সভায় বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন:তুরস্ক থেকে ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (UNIW)-এর সেক্রেটারি জেনারেল ইউপ আকবাল,টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন (ATAA)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা,মালয়েশিয়া থেকে ফাউওয়াজ বিন হাসবুল্লাহ, UNIW-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং ওয়াদাহ’র প্রতিনিধি,পাকিস্তান থেকে আলখিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও UNIW-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুস শাকুর,এবং ইন্দোনেশিয়া থেকে UNIW-এর অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বাশরি।বাংলাদেশের পক্ষ থেকে সভায় আরও উপস্থিত ছিলেন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটি সভাপতি প্রফেসর মাহবুব আহমেদ,সাওয়াবের চেয়ারম্যান ও UNIW হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান,কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও UNIW কাউন্সিল সদস্য ড. আলী আফজাল,এবং বিআইআইটি’র মহাপরিচালক ও আইআইআইটি’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম. আব্দুল আজিজ।সভায় মুসলিম বিশ্বের দারিদ্র্য হ্রাস ও মানবিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক ব্যবসার কার্যকারিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
