চলমান শুল্ক আলোচনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, শুল্ক কাঠামো, বিনিয়োগ, এবং বাণিজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার পরিকল্পনা। উভয় পক্ষই ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।
এটি ছিল তিনদিনব্যাপী দ্বিতীয় রাউন্ড শুল্ক আলোচনা সভার দ্বিতীয় দিন। আলোচনা ছিল বিস্তৃত ও গভীর, যেখানে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তাইয়্যেব। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএসটিআরের পাশাপাশি কৃষি, শ্রম, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, অর্থ মন্ত্রণালয়, উদ্ভাবন ও মেধাস্বত্ব, বিনিয়োগ বিষয়ক সংস্থাসমূহের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় আলোচনা ফের শুরু হয়। শুক্রবারও আলোচনার তৃতীয় ও শেষ দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উভয় পক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
