দক্ষিণপশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পটুয়াখালীসহ আশপাশের অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।
উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তাল অবস্থায় রয়েছে সাগর। পাশাপাশি নদ-নদীর পানির উচ্চতাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালীসহ দেশের ১৩টি জেলায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
জেলেদের সতর্ক করে আবহাওয়া অফিস বলেছে, মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জনগণকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে নদী বা সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
