জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনাজপুরে ‘এক শহীদ, এক বৃক্ষ’ শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের পাশে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্যোক্তারা জানান, শহীদদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
