ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাজী ফয়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৭ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের, উন্মোচিত হয়েছে একটি নতুন সম্ভাবনার দ্বার। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতির উন্নয়নের মধ্য দিয়ে এই সম্ভাবনা বাস্তবায়ন করতে হবে। তবে জাতিকে উন্নতির শিখরে নিতে হলে আগে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে সংস্কার করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, দরকার ভালো মানুষ। কারণ ভালো মানুষ হলে তবেই সমাজ, পরিবার ও রাষ্ট্রে সত্যিকার জয় আসবে। আমাদের তরুণরাই হবে সেই বিজয়ের বাহক। এজন্য তাদের নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

তুহিন আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধার কদর দেয়নি। স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম শিক্ষাকে রাষ্ট্রীয় উন্নয়নের মূল নিয়ামক হিসেবে দেখেছিলেন। ১৯৭৮ সালে জাতীয় শিক্ষা কর্মশালা আয়োজন করে তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

তিনি দাবি করেন, বিএনপি সরকার শিক্ষাখাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ১৯৯১ সালে সরকার গঠনের পর খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে বৃত্তি চালু করেন এবং দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনা খরচে শিক্ষার সুযোগ করে দেন। তিনি বলেন, আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খালেদা জিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দফাগুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়ন, জিডিপির ৫% বাজেট বরাদ্দ, ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গঠনের রূপরেখা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী ও পাইলটের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজ্জাদ আহসান পরাগ, শওকত আলী লাবু বিশ্বাস, প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী, সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও কৃতি ছাত্রী সুমাইয়া ইয়াসমিন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম