বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, "আমাদের বুকের ভিতর থেকে ফ্যাসিবাদের জগদ্বল পাথর হয়তো এক বছর আগে নেমে গেছে। আমরা এখন মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি। ৫ আগস্ট আমরা গণঅভ্যুত্থানের আংশিক বিজয় অর্জন করেছি। তবে পরিপূর্ণ বিজয় তখনই হবে, যখন দেশে বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।"
রবিবার (২৭ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিভাগীয় বিএনপির উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “গত এক বছর একটি দীর্ঘ সময়। আমরা ভাবিনি এতো সময় লেগে যাবে। তবে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণঅভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের পথে অগ্রসর হতে পারবো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
