ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে এনসিপির জুলাই পদযাত্রা জুলাই সনদ ৫ আগস্টের মধ্যে চাই নাহিদ ইসলাম

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ জুলাই ২০২৫, সোমবার, ৯:৪৫ অপরাহ্ন

banglahour

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জুলাই পদযাত্রায় নেমেছি, কিন্তু এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে, তাহলে আমরা সেই স্বপ্নের দেশ গড়তে পারব।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ টাউন হল চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশন বলেছে—জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং তা ৫ আগস্টের মধ্যে। নির্বাচন কমিশন, দুদক ও পিএসসির মতো প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে সাংবিধানিক কমিটি গঠন করতে হবে। প্রয়োজন নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থা।

তিনি জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের লক্ষ্যে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। আমাদের লক্ষ লক্ষ কমিটি দরকার নেই, আমাদের দরকার দায়িত্বশীল মানুষ। চাঁদাবাজির কোনো স্থান এনসিপিতে হবে না।

মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “ময়মনসিংহের শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে না। যদি ভবিষ্যতে তাদের প্রশাসনিক কার্যালয়ের সামনে দাঁড়াতে হয়, তাহলে ছাত্র-জনতা নিজ হাতে চেয়ার এনে দেবে।” তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার এখন সময়ের দাবি। আমরা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ছি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, দেশ যেন একটি পরিবারের হাতে কুক্ষিগত না থাকে, সেজন্য নতুন সংবিধান প্রয়োজন।
সামান্তা শারমিন বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এনিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসার, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান প্রমুখ।

এর আগে বিকেল তিনটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর থেকে ময়মনসিংহে পৌঁছান। পরে স্থানীয় একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
সেখান থেকে শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি নগরীর সি.কে. ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জিলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম