ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং ভারতীয় আধিপত্যবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন জাগপা পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব এবং যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে দেশবিরোধী গভীর ষড়যন্ত্র করছে ভারত। আগস্ট বিপ্লবের পর থেকে দেশের বিভিন্ন গণআন্দোলন ও প্রতিবাদে ভারত নেপথ্যে থেকে বাধা দিয়েছে। এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে ভারতীয় হস্তক্ষেপ বন্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে আগামী ৬ আগস্ট 'ভারতীয় দূতাবাস ঘেরাও' কর্মসূচি সফল করার জন্য সকল দেশপ্রেমিক জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান জাগপা নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
