জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভার সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন।
আলোচনা সভায় দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর বক্তব্য রাখেন। তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, এই আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক।
আলোচনায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “জুলাই ২৪ যেন ৭১-এর মতো চেতনার ব্যবসায় পরিণত না হয়। বরং জুলাই থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের বাস্তবতা হবে আওয়ামী লীগের মতো। আর যারা নিজেদের পরিবর্তন করে নতুন বাংলাদেশের জন্য কাজ করবেন, তারা জনগণের কাছে সমাদৃত হবেন।”
আলোচনা শেষে অতিথি ও নেতাকর্মীরা প্রদর্শিত চিত্রসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
