খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, দেশের প্রায় দেড় যুগের ভোটাধিকার বঞ্চিত মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই ভোটাধিকার পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেলে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র ক্ষুধার্ত দেশের ১২ কোটি ভোটার নির্বাচন চায়। দেশের ইতিহাসে যখনই গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, বিএনপি তখন একমাত্র শক্তি হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে। ঠিক একইভাবে জাতীয় পর্যায়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, গুম-খুন চালিয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। এরই ফলশ্রুতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে। যিনি একদিন আগেও বলেছিলেন, 'আমি পালাব না', তিনিই পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদেশে বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু থাকা চলবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে আমাদের নেতৃত্বের কোনো বিকল্প থাকবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন শেখ শফিকুল ইসলাম। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, শেখ আনিছুর রহমান, শেখ আলী আজগর, ইলিয়াস হোসেন মল্লিক, শাহনুর রহমান আরজু, শেখ নাজমুস সাকির পিন্টু, মল্লিক আব্দুস সালাম, জেলা শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
