খুলনা, ৩ আগস্ট ২০২৫: খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নারীকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং সেখানে কোনো রাজনৈতিক দলের পরিচয় বিবেচনা করা হবে না।
সোমবার সন্ধ্যায় ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্য একটি দল জনগণকে বেহেশতে পাঠানোর মতো অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে। বিএনপি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়।
এড. মনা টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বলেন, এক পরিবারের হাতে আটটি কার্ড থাকা স্বত্ত্বেও অনেক গরিব মানুষ পায়নি। বিএনপি ক্ষমতায় এলে সবাইকে সমানভাবে কার্ড দেওয়া হবে।
তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, তিনি আমাদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন এবং মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছেন।
এ সময় মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, মহানগর মহিলা দলের সদস্য সচিব এড. হালিমা আক্তার খানম, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নূরুল আলম দিপু, মিজানুর রহমান, মোঃ জহিরুল ইসলাম খান জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
