গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন আল আমিন (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাটমহল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল আমিন কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, “গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান।
সঙ্গে সঙ্গে তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, “হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম ও শারীরিক চাপের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
বিএনপির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এই অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
