বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দুই-একটি রাজনৈতিক দল চায় না ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হোক। অথচ যাদের ভোটের মাঠে ভোট নেই, তারা দশ বছর পরেও জনগণের সমর্থন পাবে না। নির্বাচন বিলম্বিত হলে ব্যক্তি বা দলের কিছু লাভ হলেও ক্ষতিগ্রস্ত হবে দেশ।
মঙ্গলবার (৫ আগস্ট) টাঙ্গাইলের বাসাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক বছরের বেশি সময় ধরে জনগণের নির্বাচিত সরকার নেই। ফলে বিনিয়োগ, ব্যাংকিং খাতসহ অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। রাজনৈতিক দল, এমনকি বিদেশিরাও এখন অনিশ্চয়তায় রয়েছে। এই অচলাবস্থা কাটাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।”
আহমেদ আযম খান আরও বলেন, লন্ডনে আমাদের ঐতিহাসিক বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আলোচনা হয়েছে। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত।
পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বলেন, এক-দু’টি দল এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির কথা বলছে। কিন্তু দেশের মানুষ বা রাজনৈতিক দলগুলো এই পদ্ধতি সম্পর্কে সেভাবে জানে না। আমাদের প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও পিআর পদ্ধতি নেই। তাই জনগণকে আগে এই পদ্ধতি সম্পর্কে জানাতে হবে, বোঝাতে হবে।
তিনি আরও বলেন, আমরা মনে করি, অতীতের মতো এবারও সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে কমিশনের মধ্যেও কোনো ঐক্যমত নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে, তবে এই নির্বাচনে তা প্রযোজ্য নয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
