বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বাংলার জমিনে কোনও লুটেরা, দখলবাজ কিংবা ধর্মব্যবসায়ী হাদিয়াবাজদের ঠাঁই হবে না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা গত ১৫ বছরে দেশের ২৮ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে, তবে তাদের প্রেতাত্মারা এখনও দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের কৃষ্ণচূড়া মোড়ে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে বিজয় মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও জামায়াত প্রসঙ্গে বক্তব্য
নির্বাচন প্রসঙ্গে অধ্যক্ষ আলমগীর বলেন, “ইউনুস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমরা তা মেনে নিয়েছি। তবে নির্বাচন প্রচলিত নিয়মেই হতে হবে—এর বাইরে কিছু হলে বাংলার জনগণ তা মানবে না।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দেশের উপর আবারও এক অন্ধকার ছায়া নেমে এসেছে। জামায়াত বাংলার পতাকা খামচে ধরতে চায়। এখন স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অস্বীকার করে, তাদের বাংলার মাটিতে কোনও স্থান নেই।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
তিনি বলেন, যারা দেশটাকে ধ্বংস করেছে, দুর্নীতি ও ধর্মের নামে হাদিয়ার রাজনীতি করেছে, তাদের রুখতে হবে। বিএনপি জনগণের দল, এই মাটিতে কোনো অপশক্তির ঠাঁই হবে না।
সমাবেশে বিশাল উপস্থিতি
পিরোজপুর জেলা বিএনপির অন্যতম বড় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অ্যাডভোকেট আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত ও শেখ হাসানুল কবির লীন প্রমুখ।সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
