খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই এই দেশ গড়ে উঠেছে। মানবতা, সহানুভূতি ও দেশপ্রেমই মানুষের প্রকৃত পরিচয়, আর সকল ধর্মের মর্মবাণী হলো শান্তি ও কল্যাণ।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে নগরীর ২৫নং ওয়ার্ডের বানরগাতী খ্রিস্টান কলোনিতে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপির ৩১ দফায় সম্প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে সব ধর্ম-বর্ণ-ভাষার মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করবে।
তিনি অভিযোগ করেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত করতে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। “বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সন্ধিক্ষণে জাতিকে আলোর পথ দেখিয়েছে জিয়া পরিবার—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপুনর্গঠন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার সংগ্রাম এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বই তার প্রমাণ।তুহিন দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও ছাত্রদলই মুখ্য ভূমিকা রেখেছে। যারা তখন রাস্তায় ছিলেন না, তারা এখন কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, মহানগর বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন, থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি প্রমুখ।
সভা পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা মহানগরের সভাপতি সুজানা জলি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেভারেন্ড রঞ্জিত বিশ্বাস, ক্যালভিন সঞ্চয় দোবে, পল প্রশান্ত বিশ্বাস, জেমস টমাস বিশ্বাস, চন্দন দোবে, সৌরভ বাড়ৈ, সমর সাহা, ডলি রায়, শিউলী বাড়ৈ, রবার্ট বড়ালসহ স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
