ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দায়িত্ব পালনে জনগণের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জাতীয় | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৪:৪৯ অপরাহ্ন

banglahour

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেছেন, “সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে, তাহলে দেশে কোনো সংস্কার সফল হবে না। তাই আমরা যেন সাহস হারাই না। দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করা উচিত।” তিনি আরও বলেন, “পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্কের জন্ম হবে এবং সংকীর্ণতা জাতিগতভাবে আমাদের পিছিয়ে দেবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার লোক না থাকলে সাধারণ মানুষের যাওয়া কোথাও থাকবে না।”

মঙ্গলবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব আরো বলেন, “আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করতে থাকুন। দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সাহস ও সততা থাকলে মানুষ জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়।” তিনি উল্লেখ করেন, “গণঅভ্যুত্থানের পরে আমাদের বোধোদয় হয়েছে। এখন আমাদের সীমাবদ্ধতা খুঁজে বের করে তা অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাই মিলে নির্বাচনকে গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের সফল হওয়ার বিকল্প নেই।”

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার প্রমুখ।

সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম