ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সিলেটের পাথর একদিনে লুট হয়নি, এটি দীর্ঘ দিন ধরে মাসের পর মাস লুট হচ্ছে। পাথর রক্ষায় সরকারের পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। অথচ দেশে অবাধে চাঁদাবাজি চলছে। যতক্ষণ ধরা না পড়ে চাঁদাবাজদের পুরস্কৃত করা হয়, আর ধরা পড়লে বহিষ্কার বা ভাইরাল হলে গ্রেফতার করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাত পদ্ধতি (পিআর) কার্যকর করার দাবি জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, শুধুমাত্র পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সমাবেশে ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা জি এম রুহুল আমীন, মাওলানা আরিফুল ইসলাম এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিলসহ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
