চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টায় এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, পতাকা বৈঠক দু’দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে শূন্য রেখায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকে অংশ নেন।
হস্তান্তরিতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন। তারা ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকলকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
হায়দার আলী বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগীতার অংশ হিসেবে এই ধরনের পতাকা বৈঠক দু’দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
