ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৬:১৮ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে বৃষ্টির পরপরই জলাবদ্ধতা একটি বড় সমস্যা। তবে আশার বিষয় হলো, এ সমস্যা নিরসনে গৃহীত কিছু উদ্যোগ স্বল্প পরিসরে হলেও জনদুর্ভোগ কমিয়েছে। সমস্যাটির স্থায়ী সমাধানে করণীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, বিল ডাকাতিয়া অধ্যুষিত ফুলতলা ও ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা লাঘবে শোলমারী স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে এবং পানি অপসারণে পাম্প স্থাপন করা হয়েছে। এখন রোপা আমনের মৌসুমে আমাদের লক্ষ্য হবে জলাবদ্ধতা থেকে উত্তরণ করে সর্বোচ্চ জমিকে চাষাবাদের আওতায় আনা।

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক সভায় জানান, দেশে কোভিড ও ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ এ ধরনের স্থানে ডেঙ্গু বিস্তারকারী মশা বংশবিস্তার করে। আগামী অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টাইফয়েডের টিকা প্রদান শুরু হবে। এ বিষয়ে সবাইকে সচেতন করা জরুরি।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী জানান, যারা ২০২৬ সালে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে ইচ্ছুক, তাদের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলছে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এ জন্য নিয়ম অনুযায়ী ৩০ হাজার টাকা জমা দিতে হবে। সরকারি মাধ্যমে হজ পালনে প্রতারণার কোনো সুযোগ নেই এবং সব সুযোগ-সুবিধা যথাযথভাবে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, আগামীকাল থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। সকাল ৯টায় নগরীর শহীদ হাদিস পার্ক পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম