অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন হয়।
শুরুতে জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নিরাপদ মাছ চাষ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে মুক্ত আলোচনা হয়। এতে জেলা ও উপজেলার মৎস্য উদ্যোক্তা, মাছ চাষি ও ফিসারিজ মালিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলার মৎস্য কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
