ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জামায়াত স্বাক্ষর করবে না : মাওলানা আব্দুল হালিম

রাজনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১১ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৪:১১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, “জুলাই জাতীয় সনদে অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। আইনি রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। আইনি ভিত্তি ছাড়া জামায়াতে ইসলামী কোনো স্বাক্ষর করবে না।”

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সেক্রেটারি-সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান সরকার ছাত্রজনতার রক্তের মধ্য দিয়ে এসেছে। যদি সেই রক্তের স্বীকৃতি না থাকে, সংস্কারের মধ্যে আইনের বাস্তবায়নের প্রতিশ্রুতি না থাকে এবং জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে—তাহলে জামায়াত স্বাক্ষর করবে না।”

মাওলানা হালিম আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে নির্বাচন হতে হবে ১৯৯১ সালের মতো উৎসবমুখর পরিবেশে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। তিনি বলেন, “২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো একপাক্ষিক নির্বাচন আমরা চাই না।”

তিনি প্রস্তাব করেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে। সেইসঙ্গে জুলাই সনদে আইনি ভিত্তি ও ছাত্রদের রক্তের স্বীকৃতি থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, ছাত্র–জনতার স্লোগানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং ছাত্রদের অধিকার রক্ষা হয়েছে। এ দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। “সম্প্রীতির বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর”—বলেছেন তিনি।

সম্মেলনে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাকিম, দেলওয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯