ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবোঝাই একটি লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় লরির নিচে চাপা পড়ে একটি সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা মুখি লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পেছনে থাকা প্রাইভেটকার ও সিএনজিকে চাপা দেয় লরিটি।
আহত তিন সিএনজি যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
