খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র প্রাক্তন সভাপতি মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যক্তিগত মতামত বা ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে দলের ঐক্য রক্ষা করতে হবে। সাধারণ মানুষের মাঝে গিয়ে বিএনপির ভাবনা তুলে দিতে হবে। পাশাপাশি গেল ১৭ বছর জুলুম-নির্যাতনকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যেনো বিএনপির মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ১৭ বছর ধরে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। খুন, গুম এবং রিমান্ডে নিয়ে নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। টানা ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গুপ্ত সংগঠন নানামুখী ষড়যন্ত্র করছে। এজন্য সকলকে নিয়েই জনগনের কাছে যেতে হবে।
জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কেন্দ্রীয় পর্যবেক্ষক এসএম রফিকুল ইসলাম ও রাজু আহমেদ।
অন্যান্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ শীর্ষ স্তরের নেতা-কর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
