বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
বেলা দুইটার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইসহাক দার। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিকেল থেকে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক পরিসর, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ইসহাক দার বলেন, পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। রাজনৈতিক, বাণিজ্যিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
দুই দিনের সফরে ইসহাক দার বাংলাদেশের সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পক্ষের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
