পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর এলাকায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ তিনটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
স্বেচ্ছাসেবকদল মহিপুর থানা শাখার সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাসায় তালা ভেঙে প্রবেশ করে ডাকাতরা। এসময় তারা ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং অন্যান্য মালামালসহ প্রায় ২২ লাখ টাকার সম্পদ লুট করে। ঘটনার সময় মিলন পরিবারসহ ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন।
একই রাতে ডাকাতচক্রটি পূর্ব আলীপুর গ্রামের আবুল হোসেন খান ও মহিউদ্দিনের বাড়িতেও হানা দেয়। আবুল হোসেন খানের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে বেঁধে ৬ আনা স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা লুট করে। অন্যদিকে মহিউদ্দিনের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে পরিবারকে বেঁধে ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ২৫শ টাকা লুট করা হয়। তবে এ সময় কাউকে মারধর করা হয়নি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
