চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
পাইলটিং কর্মসূচিভুক্ত খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় এই কর্মসূচি ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল আল নাসের বক্তব্য রাখেন।
ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক কামাল হোসেন পাওয়ারপয়েন্টে তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যত বেশি জায়গা-জমি অটোমেটেড হবে, ততই সেবা সহজ হবে। ঘরে বসে খাজনা প্রদান সম্ভব হবে। তথ্য সন্নিবেশের কাজ সম্পন্ন করতে মসজিদে খুৎবার সময় এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। ইউনিয়ন ভূমি কর্মকর্তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। ইউএনডিপির সহযোগিতায় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
