গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য, এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করছিল সাদিকবিরোধী নেতাকর্মীরা। এসময় সাদিকপন্থী ছামছুল-ছালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং উত্তেজিত নেতাকর্মীরা বিএনপির উপজেলা কার্যালয় ভাঙচুর করেন।
সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক শাকিল মিয়া ও এক পুলিশ সদস্যও। ঘটনার সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ও সদস্য সচিব আব্দুস ছালাম কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
অভিযোগ-প্রতিউত্তরে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। সাদিকবিরোধী নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সাদিকপন্থীরা বলছে, তাদের ওপরই আগে হামলা হয়েছে এবং আওয়ামীপন্থি ও জামায়াতপন্থিদের নিয়ে অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
