সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর নেতৃত্বে বিয়ানীবাজারে মিছিল ও পথসভায় অংশ নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “বিএনপি একটি অনির্বাণ অগ্নিশিখা, যা কখনোই নেভানো যায় না। জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশে বিএনপি নেতাকর্মীরা সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে রয়েছেন। এবার নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে, দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য কাজ করে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিজয় লাভ করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলাসদরের নিউ মার্কেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এরপর পৌর-বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, “বিএনপির হাতেই দেশ নিরাপদ। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা হলেও বিএনপি জনগণের শক্তি হিসেবে বেঁচে আছে। বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো অত্যাচার ও গায়েবি মামলার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আবারও শক্তি প্রদর্শন করেছি।”
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী সাইনু, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এম এ হাসনাত জামিল সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
