সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গণনার সময় ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের দৃশ্য।
পিরোজপুর প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
পিরোজপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের কমিটিও স্থগিত করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অচিরেই নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
যদিও কমিটি বিলুপ্তির ক্ষেত্রে কোন সরাসরি কারণ উল্লেখ করা হয়নি, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল পরবর্তী দ্বিতীয় অধিবেশনে ভোট গণনার সময় হট্টগোল, ভাঙচুর এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কাউন্সিলে প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনে বিকেলে ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। ভোট গণনার এক পর্যায়ে হঠাৎ কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে এবং হাতাহাতি ও ভাঙচুর ছড়িয়ে পড়ে পুরো অডিটরিয়ামে। কিছু যুবক ভোট দেওয়া ব্যালট বাক্স ছিনতাই করলে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়।
এর আগে তিন-চার মাস ধরে জেলার ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে শুরু থেকেই বিভিন্ন ইউনিটের সম্মেলন নিয়ে বিতর্ক চলছিল। অভিযোগ ছিল, কিছু নেতাকর্মী বাদ দিয়ে আওয়ামী লীগ, জামায়াতপন্থী ও হাইব্রিডদের কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। এছাড়া টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও উঠেছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
