ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবরোধের সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে স্থানীয়রা—ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার সকাল ৮টার পর থেকে ভাঙ্গার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ ভাঙ্গা-গোপালগঞ্জ রুটে এ অবরোধ শুরু হয়। এতে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গার উপর দিয়ে ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পটভূমি
বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলাভুক্ত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।
স্থানীয়দের আন্দোলন
এর প্রতিবাদে শুক্রবার সকালে হাজারো মানুষ মহাসড়কের উপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুরপাল্লার যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
প্রশাসনের হস্তক্ষেপ
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
