ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বারা এ দেশে অন্য ধর্মের লোকেরা কখনো নির্যাতিত হয়নি বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে, বিপরীতে অন্য একটি দলের জনপ্রিয়তা কমছে। ওই দলটি সম্প্রতি হানিফ পরিবহনের কাউন্টার ভাংচুর ও লুটপাট করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, ইসলাম ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ইসলামী দলগুলো অন্য ধর্মাবলম্বীদের ক্ষতি করেনি। ইসলামপন্থীদের দ্বারা এদেশের হিন্দুরা কখনো অত্যাচারিত হয়নি। আসন্ন নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলো নিয়ে জোট হবে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতীয় নির্বাচন হতে হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। এটি হবে নতুন স্বপ্নে, নতুন উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবুল কালাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো. শাহজাহান ও চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
