খুলনায় নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন শফিকুল আলম তুহিন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশের সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে মুসল্লীরা সবসময় সচেতন ভূমিকা রেখেছেন, আগামীতেও রাখবেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরীর ১৭নং ওয়ার্ডের নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র জুম্মার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা রেখে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সফল হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের শিক্ষা। বিএনপি কখনো সংঘাত চায় না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
তুহিন অভিযোগ করেন, পতিত হাসিনা সরকারের সময়ে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। কিন্তু ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই সরকার পালিয়ে গেছে।
তিনি বলেন, জনগণের ভোট ছাড়া কোনো সরকার বৈধ হতে পারে না। তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হবে, নইলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এখান থেকেই সমাজ সংস্কারের আন্দোলন গড়ে তোলা সম্ভব।
ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায় যারা, তারা দেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্রের এ যাত্রায় তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে।”
এ সময় বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
