পঞ্চগড় প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জনাব তারেক রহমান থেকে শুরু করে ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি পর্যন্ত সবাইকে আমি স্পষ্ট করে বলতে চাই—ছাত্রদলের কমিটি দেওয়ার নামে, রাজনৈতিক চর্চার নামে যদি স্কুল পর্যায় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে নোংরা রাজনীতির চেষ্টা করেন, তবে আপনাদেরকে সবার আগে আমাদের মুখোমুখি হতে হবে।”
শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা এনসিপি আয়োজিত ‘বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি’ শীর্ষক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, “এই বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতির নামে কোনো লেজুরবৃত্তি চলবে না। আওয়ামী লীগের আমলে স্কুল-কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, এডহক কমিটির নামে চোর-বাটপার, চাঁদাবাজ ও অযোগ্য রাজনৈতিক নেতাদের সভাপতি বানানো হয়েছে। আমরা সেই প্রথার অবসান চাই।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বিএনপি-পন্থী চেয়ারম্যান এনসিপি নেতাদের হুমকি দিয়েছেন যাতে তারা কোনো অনুষ্ঠানে না যায়। তাছাড়া তেতুঁলিয়া উপজেলায় একটি দলের লোকজন ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ ছাড়া পঞ্চগড় জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
