ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার সীমান্তে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখতে পেলেন বাংলাদেশি মেয়ে পারভীনা বেগম উপিয়া

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের সহযোগিতায় মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখছেন বাংলাদেশি মেয়ে পারভীনা বেগম উপিয়া।

চুয়াডাঙ্গার সীমান্তে বিজিবি-বিএসএফের সহযোগিতায় ভারতীয় নাগরিক মৃত মা জাহানারা বেগমের মুখ শেষবারের মতো দেখতে পেলেন বাংলাদেশি মেয়ে পারভীনা বেগম উপিয়া।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন মেহেরপুরের মুজিবনগর বিওপির ১০৫ নম্বর মেইন পিলারের নিকটে শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এদিন বিকেল ৪টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জামাত আলীর স্ত্রী জাহানারা বেগম (৬৫) গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সময় বিকাল সোয়া ৪টায় নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েকে রেখে যান।

তার মেয়ে পারভীনা বেগম উপিয়া বহু বছর আগে বাংলাদেশের মেহেরপুর জেলার মুজিবনগরের আনন্দবাস গ্রামের রবিউল শেখের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে উপিয়া ভেঙে পড়েন এবং শেষবারের মতো মায়ের মুখ দেখার আকুতি জানান।

বিজিবি বিষয়টিকে শুধুই অনুরোধ হিসেবে নয়—একজন সন্তানের চিরন্তন অধিকার হিসেবে বিবেচনা করে বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় করে। এরপর দু’দেশের বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ সীমান্তের শূন্যরেখায় আনা হয়। সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়বিদারক অনুষ্ঠানে মেয়ে উপিয়াকে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়া হয়। পরে মরদেহটি বিএসএফ ভারতের হৃদয়পুর গ্রামে নিয়ে যায়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনাটি বিজিবি ও বিএসএফের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের বাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শুধু আন্তঃসীমান্ত সম্পর্কেই নয়, বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের আস্থার সেতুবন্ধনও তৈরি করে। বিজিবি সদস্যরা সীমান্তের সুরক্ষা ও শান্তি রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম