ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের সমাবেশ ঘিরে বাসাইলে উত্তেজনা

রাজনীতি | আতিফ রাসেল, প্রতিনিধি, টাঙ্গাইল।

(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

banglahour

বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, যেখানে একই সময়ে দুটি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ছাত্র সমাজের উদ্যোগে ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহীদ মিনার এলাকায় কাউকেই সমাবেশ বা প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

লিখিত আবেদন সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমতি চান। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাসাইল থানার ওসিকেও অনুলিপি পাঠান। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

অন্যদিকে, ছাত্র সমাজের পক্ষ থেকে ৫ সেপ্টেম্বর একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন এক ব্যক্তি রনি মিয়া। তবে আবেদনে তাঁর মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করা হয়নি। আবেদনপত্রে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী ছাত্র নেতৃবৃন্দের প্রতিনিধি এই সমাবেশ আয়োজন করছেন। তবে অনুষ্ঠানে কে অতিথি থাকবেন, তা উল্লেখ করা হয়নি।

দুটি পক্ষই পৃথক সমাবেশের প্রস্তুতি হিসেবে পৌর শহরে মাইকিং করেছে। ফলে বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

ছাত্র সমাজের পক্ষের আবেদনকারী রনি মিয়া বলেন, “সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা চলছে। সেটা প্রতিহত করতে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবো। যত বাধাই আসুক, আমরা নির্ধারিত স্থানেই কর্মসূচি পালন করবো।”

যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, “আমরা আগে থেকেই অনুমতি চেয়েছি। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্যই তারা একইদিনে সমাবেশ ডেকেছে। তারা চাইলে আগে বা পরে করতে পারতো। ইতিমধ্যে আমরা অতিথিদের নিমন্ত্রণও করেছি।”

বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, “একইস্থানে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের সমাবেশ আহ্বান করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউকেই শহীদ মিনারে অনুষ্ঠান করতে দেওয়া হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারো প্রবেশও নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, “শহীদ মিনারে পৃথক দুটি আবেদন জমা পড়েছে। বিষয়টি পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯